Views Bangladesh Logo

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন ম্যাচ চলাকালে তীব্র উত্তেজনার মধ্যে রাজধানী বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মৃত দুই ব্যক্তির বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর।

জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাসা থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পায় চিকিৎসা সেবা সংস্থা। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা দীর্ঘ সময় সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটের দিকে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। তাকে সিপিআর দিয়ে দ্রুত ডুরান্ড হাসপাতালে নেওয়া হলেও পাঁচ ঘণ্টার বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালে বিকেল ৬টা ২২ মিনিটে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে লাখো মানুষের জমায়েতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় গণমাধ্যম ইনফোবের তথ্য অনুযায়ী, লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার উঁচু স্থান থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে যায়। এছাড়া অতিরিক্ত মদ্যপান, মারামারি এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে অনেকেই মুখমণ্ডল, নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ