Views Bangladesh Logo

ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন আনোয়ার হোসেন শাহিন (২৫) এবং তার ৮ বছর বয়সী ভাগনি হাফসা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে হাফসা এবং শুক্রবার (২৪ জুলাই) সকালে আনোয়ার হোসেন শাহিন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, হাফসার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং আনোয়ারের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আনোয়ারের ভাই সোহেল জানান, তাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। পাঁচ ভাইয়ের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট। তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন। ছয় মাস আগে বিয়ে করে ভাটারার ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় বেড়াতে আসা ভাগনি হাফসাও বিস্ফোরণে দগ্ধ হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ