যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, ৩ পুলিশ কর্মকর্তা আহত
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডাউনটাউন মিনিয়াপোলিসের একটি আবাসিক ভবনে বন্দুক হামলার ঘটনায় ঘটেছে। এতে অন্তত দুইজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। এ ছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বন্দুক হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আহত তিন কর্মকর্তাকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত ও স্থিতিশীল।
তিনি আরও জানান, বন্দুকধারীর গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অপরজনকে হেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। সাধারণ মানুষকে লোরিং পার্ক এবং আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের রাইফেল উঁচিয়ে অ্যাপার্টমেন্ট ভবনটি ঘিরে রাখতে দেখা গেছে।
হেনিপিন হেলথকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর তাদের সেখানে মোট সাতজনকে চিকিৎসার জন্য আনা হয়েছে।
হামলার কারণ এখনও স্পষ্ট নয় এবং নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটির সার্বিক তদন্তে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
এক বার্তায় এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহায়তা দিতে তাদের টিম কাজ করছে।
এদিকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, "আমাদের প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী যে সদস্যরা কাজ করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রথম সাড়াদানকারী সদস্যদের জন্য আমরা প্রার্থনা করছি।
সূত্র: ডয়েচে ভেলে
মতামত দিন