দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন। তারা হলেন মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র জানায়, দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র তারা পেয়েছে।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট আহমদ মুসাননা চৌধুরী ও মুজাহিদুল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এবং এরপর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষার উদ্যোগ নেন। গত ৩১ মার্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এবং ১ ও ২ এপ্রিল সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দেওয়ার আগ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ১০৩।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে