যমজ বর-কনে, যমজ পুরোহিত— কেরালার এক নজিরবিহীন বিয়ে ভাইরাল
ভারতের কেরালায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই বিয়ের মূল আকর্ষণ ছিল—শুধু বর-কনেই নন, বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনাকারী পুরোহিত এবং তাদের সহকারী, সবাই ছিলেন যমজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কেরালার চঙ্গনাচেরির একটি মেট্রোপলিটন চার্চে অনুষ্ঠিত এই বিয়েতে যমজ ভাই আখিল কে থমাস ও নিখিল কে থমাস বিবাহবন্ধনে আবদ্ধ হন যমজ বোন ম্যাগি মেরি ও মারিয়া মেরির সঙ্গে। অনুষ্ঠানের বিশেষত্ব আরও বেড়ে যায় যমজ পুরোহিত ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিলের উপস্থিতিতে, যারা বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন আরেক জোড়া যমজ কিশোর—জেরন জেমস ও জোহন জেমস।
জানা গেছে, বর আখিল ও নিখিল কেরালার চঙ্গনাচেরির ভেট্টুপারামবিল এলাকার বাসিন্দা কুঞ্জুমন থমাস ও জোমোল দম্পতির সন্তান। অন্যদিকে কনে ম্যাগি ও মারিয়া পাঠানমথিট্টা জেলার কুলাথুর এলাকার টমিচান ও মেরিকুটি দম্পতির যমজ কন্যা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই যমজদের ঘিরে বিয়ের আয়োজন করার স্বপ্ন দেখতেন ম্যাগি ও মারিয়া। সেই ইচ্ছা পূরণে তারা বিশেষভাবে যমজ পুরোহিতের খোঁজ করেন এবং শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জার মাধ্যমে দুই যমজ পুরোহিতকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সক্ষম হন।
কনে ম্যাগি ও মারিয়া বলেন, দীর্ঘদিনের এই স্বপ্ন পরিবারের সহযোগিতায় বাস্তবে রূপ নেওয়ায় তারা দারুণ আনন্দিত। অন্যদিকে বিয়ে পড়ানো যমজ পুরোহিতরাও এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে অভিহিত করেন। তাদের ভাষ্য, যমজ বর-কনের বিয়ে পড়ানোর সুযোগ অত্যন্ত বিরল এবং এটি দীর্ঘদিন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা।
পেশাগত জীবনে বর আখিল ও নিখিল দুজনই মার্চেন্ট নেভিতে কর্মরত, আর কনে ম্যাগি ও মারিয়া কাজ করছেন তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই ব্যতিক্রমী আয়োজন নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই একে বিরল ও স্মরণীয় একটি বিয়ের আয়োজন হিসেবে অভিহিত করছেন।
সূত্র: এনডিটিভি
মতামত দিন