Views Bangladesh Logo

মধ্যরাতে শাহবাগে পৃথক স্থানে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ এলাকায় শুক্রবার রাতে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে। এর কয়েক ঘণ্টা পর জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। দুই ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল খালেক জানান, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থানার আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্য একটি সূত্র অনুযায়ী, হামলাকারীরা মৎস্য ভবনের দিকে পালিয়েছে।

প্রথম ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, রাত ১২টা ১ মিনিটের দিকে জুলাই চত্বরের পাশে দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই সংশ্লিষ্টরা ঘটনাস্থল ছেড়ে যান।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এসআই আব্দুল খালেক ঘটনা দুটির কথা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, দুটি বিস্ফোরণে কারও আহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরে শাহবাগ এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।

ওই রাতে শুধু শাহবাগে নয়, রাজধানীর আরও কয়েকটি স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আদাবর থানা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এবং মিরপুরের কালশী মোড়। রাত পৌনে ৮টা থেকে দিবাগত রাত আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে। এগুলোতেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ