নিট পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি টিভিকের
ভারতের তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) জাতীয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট/এনইইটি) পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে। শুধু পরীক্ষাকে অনিয়মমুক্ত করার পরিবর্তে এটি বাতিল করে চিকিৎসা শিক্ষা-সংক্রান্ত সব বিষয়ে রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে টিভিকে জানায়, নিট পরীক্ষা নিয়ে তাদের অবস্থান ‘অটল ও আপসহীন’। দলটির মতে, চিকিৎসাশিক্ষায় ভর্তির জন্য জাতীয় পর্যায়ের এ পরীক্ষা বাতিল করা উচিত।
এছাড়া শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী (কনকারেন্ট) তালিকা থেকে সরিয়ে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। তবে আইনি বা সাংবিধানিক জটিলতা থাকলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠনের প্রস্তাবও দিয়েছে দলটি, যাতে শিক্ষা, বিশেষ করে চিকিৎসা শিক্ষার ওপর রাজ্য সরকারগুলোর পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা যায়।
বিবৃতিতে টিভিকে দাবি করেছে, এটি শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও অন্তর্বর্তী—উভয় ধরনের সমাধানের জন্য তাদের প্রস্তাবিত দৃষ্টিভঙ্গি এবং এ বিষয়ে দলের নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে।
একই সঙ্গে অন্যের আন্দোলন ও ধারণার কৃতিত্ব নেওয়ার রাজনীতির সমালোচনা করে টিভিকে পরোক্ষভাবে প্রধান বিরোধী দল ডিএমকেকেও আক্রমণ করেছে। দলটির অভিযোগ, নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়ে ভোটের রাজনীতি করা প্রতারণামূলক। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট পরীক্ষা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে।
মতামত দিন