Views Bangladesh Logo

তুরস্ক বিদায় নিলেও বিশ্বকাপে আলোচনায় কে এই ‘উদি নেকো’?

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মাঠের খেলায় তুরস্কের বিশ্বকাপ অভিযান শেষের পথে। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে টানা দুই পরাজয়ে নকআউটের স্বপ্ন ভেঙে গেছে তাদের। তবে দলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও বিশ্বকাপের গ্যালারিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন এক সমর্থক, যিনি পরিচিত ‘উদি নেকো’ নামে।

কানাডার ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরা হঠাৎই ফোকাস করে তাঁর দিকে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অদ্ভুত সাজসজ্জা আর রহস্যময় চেহারার কারণে মুহূর্তেই তিনি নজর কাড়েন ফুটবলপ্রেমীদের।

মুখজুড়ে কালো রং, সাদা চুল, উজ্জ্বল সাদা চোখের মেকআপ এবং লম্বা দাড়ির কারণে প্রথম দেখায় তাঁকে অনেকের কাছেই চলচ্চিত্রের কোনো কাল্পনিক চরিত্র মনে হতে পারে। কিন্তু এই সাজের পেছনে রয়েছে ফুটবলের প্রতি গভীর আবেগ ও সমর্থনের বার্তা।

বিশ্বকাপে আলোচিত এই ব্যক্তির আসল নাম নেজদেত ওলচেরমান। তুরস্কে তিনি নতুন কেউ নন। দেশটির জনপ্রিয় ক্লাব বেসিকতাসের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে বহু বছর ধরেই পরিচিত মুখ। বেসিকতাসের ম্যাচে গ্যালারিতে তাঁর উপস্থিতি প্রায় নিয়মিত ঘটনা। জাতীয় দলের খেলা দেখতে বিশ্বকাপেও একই আবেগ নিয়ে হাজির হয়েছেন ওলচেরমান। জানা গেছে, প্রতিটি ম্যাচের আগে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে তিনি নিজের এই বিশেষ রূপ তৈরি করেন।

তাঁর ব্যবহৃত ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের আদলে সাজটি শক্তি, সাহস, ধৈর্য এবং লড়াই চালিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হয়। সমর্থক হিসেবে নিজের পরিচয় তুলে ধরতেই তিনি এই ব্যতিক্রমী রূপ বেছে নিয়েছেন।

‘উদি নেকো’ নামটিরও রয়েছে আলাদা তাৎপর্য। ‘নেকো’ এসেছে তাঁর নাম নেজদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। অন্যদিকে ‘উদি’ শব্দটি তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ বাজানো শিল্পীদের পরিচয় বহন করে।

ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার স্বীকৃতি হিসেবে বেসিকতাস ক্লাবও একাধিকবার তাঁকে সম্মান জানিয়েছে। তবে পেশাগত জীবনে তিনি ফুটবলের সঙ্গে যুক্ত নন। ওলচেরমান একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অতীতে তিনি তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্বকাপে তুরস্কের পথচলা প্রায় শেষ হলেও গ্যালারির পরিচিত সেই মুখটি এখনও আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ‘উদি নেকো’কে দেখা যেতে পারে তাঁর চিরচেনা সাজে, প্রিয় দলের প্রতি সমর্থনের বার্তা নিয়ে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ