সুইডেনের কাছে বড় হারের পর তিউনিসিয়ায় কোচ বদল, দায়িত্বে হার্ভে রেনার্ড
২০২৬ ফিফা বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের ধাক্কা কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। দলের পারফরম্যান্সে অসন্তোষের জেরে প্রধান কোচ সাব্রি লামুশিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে।
সোমবার (১৫ জুন) দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। বিবৃতিতে জানানো হয়, রেনার্ড ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
বিশ্ব ফুটবলে হার্ভে রেনার্ড একটি পরিচিত নাম, বিশেষ করে বড় টুর্নামেন্টে অঘটন ঘটানোর জন্য তিনি খ্যাত। ২০২২ কাতার বিশ্বকাপে তার কোচিংয়েই সৌদি আরব বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল।
এর আগে সাবেক ফরাসি তারকা সাব্রি লামুশি চলতি বছরের জানুয়ারিতে তিউনিসিয়ার দায়িত্ব নিলেও, বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয় এবং রক্ষণভাগ ভেঙে পড়া তার চাকরির ওপর চাপ তৈরি করে। শেষ পর্যন্ত সেই ব্যর্থতার দায়েই তাকে সরিয়ে দেওয়া হয়।
নতুন কোচ রেনার্ডের আগমনে তিউনিসিয়া শিবিরে নতুন আশার সঞ্চার হয়েছে। সমর্থকরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতায় দল আবারও ঘুরে দাঁড়াতে পারবে।গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়ার পরবর্তী ম্যাচ আগামী ২০ জুন শক্তিশালী জাপানের বিপক্ষে। সেই ম্যাচে রেনার্ডের অধীনে দল কেমন পারফর্ম করে, এখন সেটিই দেখার অপেক্ষা।
মতামত দিন