Views Bangladesh Logo

তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর: সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‌‘নিপীড়ন ও হত্যার’ অভিযোগ এবং ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকির’ বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে জানানো হয়, গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।

সোমবার (১৭ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে ডিএনআই প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থি সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য মনোনিবেশ করেছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুর ওপর নিপীড়ন, হত্যা এবং নির্যাতন মার্কিন সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।

প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা ‘নিপীড়ন ও হত্যার’ শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করা।

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’

বিবৃতিতে সরকার জানায়, গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ, বিশ্বের অনেক দেশের মতো, উগ্রবাদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু এটি আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তথ্যের উপর ভিত্তি করে এবং সকল জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান জানিয়ে গঠনমূলক সংলাপে অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ