ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এর লোকসান বেড়ে ২৩৮ মিলিয়ন ডলার
ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৩৮ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ ক্ষতির পরিমাণ বেড়েছে ১০ গুণেরও বেশি।
এই পরিস্থিতিতে ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। লাভজনক নয় এমন বিভিন্ন প্রকল্প থেকে সরে এসে এখন মূল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালকে কেন্দ্র করেই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে ট্রাম্প মিডিয়া। পাশাপাশি আয় বাড়াতে নতুন একটি প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
‘ট্রুথ এপিআই’ নামের ওই সেবার মাধ্যমে বড় ট্রেডিং প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে দেখার সুযোগ পাবে। বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সমালোচনা করা হলেও ট্রাম্প মিডিয়ার দাবি, তথ্য ও প্রযুক্তি খাতে এ ধরনের সেবা অস্বাভাবিক কিছু নয়।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ব্যবসা থেকে আয় বাড়লেও ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের দরপতনের কারণে সামগ্রিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল সম্পদের মূল্য কমে যাওয়ায় লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে বড় অঙ্কের ক্ষতি হলেও ট্রাম্প মিডিয়ার আর্থিক সক্ষমতা একেবারে ভেঙে পড়েনি। কোম্পানিটির হাতে বর্তমানে প্রায় ৪০০ মিলিয়ন ডলার নগদ অর্থ রয়েছে। পাশাপাশি প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদও রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া কেভিন ম্যাকগার্ন জানিয়েছেন, এখন থেকে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় প্রকল্পগুলোতেই বেশি অর্থ ও সময় ব্যয় করা হবে। প্রয়োজন হলে কিছু উদ্যোগ বাতিল কিংবা ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
মতামত দিন