ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। এটি তার প্রথম ঢাকা সফর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গরের ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং আমার বন্ধু রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’
তিনি বলেন, এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গর। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বাড়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইতে পারে ওয়াশিংটন।
দ্বিতীয় দিনে অর্থাৎ আগামীকাল শুক্রবার কক্সবাজার সফর করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের কয়েকটি ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন সার্জিও গোর।
সফরের শেষ দিন শনিবার সকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ঢাকার পররাষ্ট্রনীতি বুঝতে ও জানতে চায় ওয়াশিংটন।
তাদের ধারণা, ঢাকা-দিল্লির সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি নিয়েও জানতে চাইতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত। এমনকি তিনি ভারত সরকারের কোনো বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারেন।
এছাড়া গত কয়েক মাসে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, মস্কো ও আঙ্কারার সঙ্গে কূটনৈতিক তৎপরতার বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারে ওয়াশিংটন।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
মতামত দিন