মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প, নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এই পাসপোর্টের ভেতরের প্রচ্ছদে বড় আকারে রাখা হবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি—যা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নকশার এই পাসপোর্ট গ্রীষ্মকাল থেকে চালু হতে পারে। আবেদনকারী যেকোনো মার্কিন নাগরিক এটি সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে এটি ওয়াশিংটনভিত্তিক পাসপোর্ট সংস্থা থেকে বিতরণ করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানিয়েছেন, বিশেষ এই পাসপোর্টে উন্নত মানের চিত্রপ্রযুক্তি ও নান্দনিক নকশা ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের ভেতরের কভারে ট্রাম্পের বড় ছবি থাকবে। ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশবিশেষ, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর সংযোজন করা হবে।
এই উদ্যোগটি ‘আমেরিকা২৫০’ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় আরও নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে জাতীয় স্মৃতিস্তম্ভ এলাকায় বিভিন্ন অনুষ্ঠান ও ক্রীড়া আয়োজন অন্তর্ভুক্ত।
তবে সমালোচকদের মতে, রাষ্ট্রীয় নথিতে কোনো ব্যক্তির ছবি যুক্ত করা যুক্তরাষ্ট্রের প্রচলিত প্রথার বাইরে এবং এটি ব্যক্তিপূজার ইঙ্গিত বহন করে। তারা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ভবন ও নথিতে ট্রাম্পের ছবি ব্যবহারের প্রবণতা বেড়েছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক।
এ ছাড়া নতুন মুদ্রার নকশা, জাতীয় উদ্যানের পাস এবং বিভিন্ন স্থাপনায় ট্রাম্পের ছবি যুক্ত করার প্রস্তাবও বিতর্ককে আরও উসকে দিয়েছে। এমনকি রাজধানীতে একটি বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে