Views Bangladesh Logo

১৯ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়িটি ১৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৯.৩ লাখ ডলার) বিক্রি হয়েছে। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার পর ব্যাপক সংস্কারকাজের মাধ্যমে এটিকে এক আধুনিক আবাসনে রূপান্তর করা হয়।

কোয়িন্সের অভিজাত জামাইকা এস্টেটস এলাকায় অবস্থিত পাঁচ শয়নকক্ষ ও তিন বাথরুমের এই 'টিউডর' ধাঁচের বাড়িটিতে চার বছর বয়স পর্যন্ত বসবাস করেছিলেন ট্রাম্প। ১৯৪০ সালে তাঁর বাবা আবাসন ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প এটি নির্মাণ করেন। তবে বহু বছর ধরেই বাড়িটি ট্রাম্প পরিবারের মালিকানায় নেই।

গত জুলাই মাসে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বাড়িটির বিক্রয়মূল্য প্রকাশ করা হয়। জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা বাড়িটি গত বছর মাত্র ৮ লাখ ৩৫ হাজার ডলারে কিনে নেন আবাসন উদ্যোক্তা টমি লিন।

দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, লিন প্রায় আট মাস ধরে প্রায় ৫ লাখ ডলার ব্যয়ে বাড়িটির অভ্যন্তরীণ সাজসজ্জা আমূল বদলে দেন। নতুন রূপায়ণে যুক্ত করা হয় শেফ'স কিচেন, বিশেষ কাঠের মেঝে এবং স্পা-স্টাইলের বাথরুম।

এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাড়িটি ২.১৪ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল। পরবর্তীতে এটি ট্রাম্পকেন্দ্রিক পর্যটন স্থাপনা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয় এবং স্বল্পমেয়াদী ভাড়ার সাইট ‘এয়ারবিএনবি’তেও তালিকাভুক্ত করা হয়। ২০১৯ সালে এটি আবারও ২.৯ মিলিয়ন ডলারে বিক্রির জন্য বাজারে তোলা হলেও উপযুক্ত ক্রেতা মেলেনি।

পরবর্তীতে দেখভালের অভাবে বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রূপ নেয়। টমি লিন সংস্কারের দায়িত্ব নেওয়ার আগে পাইপ ফেটে পানি জমে ছত্রাক ধরা এবং ভবনের ভেতরে বুনো বিড়ালের আশ্রয় নেওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।

রাজনীতিতে পা রাখা ও হোয়াইট হাউসে প্রবেশ করার বহু আগেই আবাসন ব্যবসার মাধ্যমে নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন ট্রাম্প। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে তাঁর সরকারি বাসভবন হোয়াইট হাউসেও বড় ধরনের সংস্কার কার্যক্রম চলছে, যার মধ্যে একটি বিশাল বলরুম নির্মাণ এবং ওভাল অফিসের অলঙ্করণ অন্তর্ভুক্ত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ