চুক্তি না হলে ইরানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
চলমান আলোচনা থেকে যদি কোনো পূর্ণাঙ্গ ও কার্যকর সমঝোতা না আসে তাহলে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প লেখেন, পূর্ণাঙ্গ ও কার্যকর চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধজাহাজ, বিমান, গোলাবারুদ ও সেনা সদস্যসহ সব প্রয়োজনীয় সামরিক সম্পদ নিয়ে মার্কিন বাহিনী ইরানের কাছাকাছি অবস্থান করবে এবং যেকোনো হুমকিকে নিষ্ক্রিয় করবে।
তিনি আরও বলেন, মার্কিন সেনাবাহিনী এখন ‘পুনরায় সশস্ত্র ও পরবর্তী বিজয়ের জন্য প্রস্তুত’ এবং ‘আমেরিকা ফিরে এসেছে’।
এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সম্মান করতে হবে।
ইসলামাবাদে আসন্ন বৈঠকের আগে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, যেকোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে নজরদারির আওতায় থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের অনুমতি দেওয়া হবে না’ এবং হরমুজ প্রণালি ‘উন্মুক্ত ও নিরাপদ’ রাখা হবে।
দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্য এসেছে। যুদ্ধবিরতি চলাকালে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে, তবে ওই জলপথের ওপর তেহরান তাদের কর্তৃত্ব বজায় রেখেছে। চুক্তি না হলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে