হরমুজ প্রণালিতে ‘চাঁদা’ আদায়ের অভিযোগে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের কার্যক্রম থাকলে তা ‘এখনই বন্ধ করতে হবে’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজ থেকে ইরান ফি আদায় করছে বলে তিনি শুনেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যদি এমন কিছু ঘটে থাকে, তবে তা অবিলম্বে বন্ধ করা উচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে সহায়তা করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। তবে এখনো ওই জলপথে স্বাভাবিক চলাচল পুরোপুরি ফিরে আসেনি।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিনিময়ে ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তেহরান।
আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক করা হবে—ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে