Views Bangladesh Logo

ইরানকে চুক্তির জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'মনে আছে, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সেই সময় দ্রুত শেষ হয়ে আসছে।'

তিনি আরও লেখেন, 'আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক।'

উল্লেখ্য, গত ২৭ মার্চ ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে বা হরমুজ প্রণালি খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে নতুন করে ৪৮ ঘণ্টার এই আলটিমেটাম দিলেন তিনি।

পৃথক আরেকটি পোস্টে ট্রাম্প মার্কিন অর্থনীতিতে তার শুল্ক নীতির সাফল্যের কথাও তুলে ধরেন। তবে পোস্টের শেষাংশে তিনি লেখেন, 'সবকিছুর পাশাপাশি আমরা একই সঙ্গে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ইরানকে বিদায় করছি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ