Views Bangladesh Logo

ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। তাঁর ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যথেষ্ট উদ্যোগ নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে ডিজেলের উচ্চমূল্যের জন্যও তাঁকে দায়ী করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “আমি মনে করি, তাদের এমন একজন নতুন নেতা পাওয়া উচিত, যিনি একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক সমঝোতা করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তা কখনোই করেন না।”

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়া থেকে ডিজেল কেনার চুক্তি করেন ট্রাম্প। এর আগে কয়েক সপ্তাহ ধরে তিনি জেলেনস্কিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছিলেন। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া ইরানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের পরিবর্তে যুক্তরাষ্ট্রে ডিজেলের রেকর্ড উচ্চমূল্যের জন্য ইউক্রেনকে দায়ী করারও চেষ্টা করেছেন তিনি।

টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প এসব কথা বলেন। সেখানে রিপাবলিকান ভোটারদের উদ্দেশে তাঁর সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল।

ট্রাম্প বলেন, “তিনি বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান। তিনি আমাদের কৃষক ও খামারিদের জন্য ডিজেল জ্বালানি নিয়ে সমস্যা তৈরি করতে চান।”

শনিবার ট্রাম্পের সঙ্গে রাশিয়ার ডিজেল চুক্তির বিষয়ে ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তারা হতাশা প্রকাশ করেন। তাঁদের মতে, এ চুক্তি রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ জোগাতে সহায়তা করবে।

বিভিন্ন ঘটনার সম্মিলিত প্রভাবে ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে রয়েছে ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা। এর ফলে সব ধরনের তেলজাত পণ্যের দাম বেড়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে “ওই যুদ্ধ কখনোই শুরু হতো না”। তিনি বলেন, “ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ওই যুদ্ধ শুরু হওয়ার কোনো কারণ ছিল না। অযোগ্যতার কারণেই এটি শুরু হয়েছিল।”

জেলেনস্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “আপনি আপনার দেশের ৩০ শতাংশ হারিয়েছেন। দুই পক্ষ মিলিয়ে ১০ লাখের বেশি মানুষকে হারিয়েছেন, ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। এমন একটি যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।”

তবে স্বাধীন বিভিন্ন হিসাব অনুযায়ী, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা অনুমান করেছেন, যুদ্ধে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, যুদ্ধে কতজন ইউক্রেনীয় নিহত হয়েছেন, সে বিষয়ে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য হিসাব নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ