আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে গুগলকে ফোন করেছিলেন ট্রাম্প
আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম নিজের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা বললেও প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয় বলে জানিয়েছেন তিনি। একাধিক দেশের সীমানাজুড়ে বিস্তৃত হওয়ায় মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়েছিল।
দক্ষিণ ক্যারোলিনায় বুধবার এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের সামনে এ ঘটনার বর্ণনা দেন ট্রাম্প। তিনি জানান, গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার পর সুন্দর পিচাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তখনই আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি তোলেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি পিচাইকে জিজ্ঞাসা করেছিলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখা সম্ভব কি না। তবে পিচাই তাঁকে জানান, মহাসাগরের বিষয়টি আলাদা। এগুলো অনেক দেশের সীমানার সঙ্গে যুক্ত হওয়ায় এমন নাম পরিবর্তন করা সম্ভব নয়।
সমাবেশে হাস্যরসের ছলে কথোপকথনটি তুলে ধরে ট্রাম্প বলেন, পিচাই তাঁকে এ ধরনের অনুরোধ না করার জন্যও বলেছিলেন। তবে এ কথোপকথনের সত্যতা গুগল প্রকাশ্যে নিশ্চিত করেনি।
ট্রাম্পের দাবি, মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের বিষয়টি গুগল যেভাবে সামলেছে, তা তাঁর ভালো লেগেছিল। সেই অভিজ্ঞতা থেকেই অন্য কোনো ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করা সম্ভব কি না, তা জানতে চেয়েছিলেন তিনি।
মেক্সিকো উপসাগরের নাম ‘আমেরিকা উপসাগর’ করার উদ্যোগ ট্রাম্পের প্রশাসনের ভৌগোলিক নাম পরিবর্তনের প্রচেষ্টার অংশ। তবে কোনো আন্তর্জাতিক জলভাগের নাম পরিবর্তন করা অনেক বেশি জটিল। কারণ, একই জলভাগের নাম বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মানচিত্রে ভিন্নভাবে ব্যবহৃত হতে পারে।
নিজের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কথা জানিয়ে ট্রাম্প শেষ পর্যন্ত বলেন, আটলান্টিক মহাসাগরের প্রচলিত নামটি রেখে দেওয়াই হয়তো ভালো হবে। এরপর সমাবেশে উপস্থিত সমর্থকদেরও তিনি প্রশ্ন করেন, নামটি আগের মতোই রাখা উচিত কি না।
মতামত দিন