Views Bangladesh Logo

ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, পারমাণবিক ইস্যু নেই: মার্কিন কর্মকর্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন প্রস্তাব ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে। ইরানের প্রস্তাবে পারমাণবিক ইস্যু শুরুতেই না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন এক কর্মকর্তার বরাতে জানা গেছে, দুই মাস ধরে চলা যুদ্ধ বন্ধে ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প। বিশেষ করে প্রস্তাবের শুরুতে পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় তিনি আপত্তি জানিয়েছেন।

ইরানের প্রস্তাবে ধাপে ধাপে সমাধানের কথা বলা হয়েছে। এতে প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করা, এরপর পারস্য উপসাগরে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এরপরই কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে তেহরান।

সোমবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বৈঠক সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেন, তিনি প্রস্তাবটি পছন্দ করেননি। কারণ এতে পারমাণবিক ইস্যু বাদ দেয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, প্রস্তাবটি উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘ইরানকে নিয়ে প্রেসিডেন্টের ‘রেড লাইন’ অত্যন্ত স্পষ্ট।’

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে, যাকে ‘দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।

ইরানের তিন দফা প্রস্তাব অনুযায়ী, প্রথমে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা বন্ধ ও ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। এরপর নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি সমাধান করা হবে। সবশেষে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

ইরান ইঙ্গিত দিয়েছে যে, তারা পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে এবং পরবর্তী পাঁচ বছর বেসামরিক ব্যবহারের জন্য সীমিত মাত্রায় তা চালু রাখতে রাজি। পাশাপাশি আন্তর্জাতিক তদারকির অধীনে মজুদ ইউরেনিয়াম কমানোর কথাও বলেছে তেহরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। তারা বলছে, পারমাণবিক ইস্যু যেকোনো চুক্তির কেন্দ্রে থাকতে হবে এবং তা পিছিয়ে দেওয়া যাবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যেকোনো চুক্তি এমন হতে হবে যা ইরানকে চূড়ান্তভাবে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করেছেন। তিনি আলোচনায় অগ্রগতি ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

বর্তমানে দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ