Views Bangladesh Logo

হোয়াইট হাউসে আউন ও নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প দাবি করেছেন, এটি হবে ১৯৮৩ সালের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম কোনো অর্থবহ আলোচনা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উভয় পক্ষই শান্তি চায় এবং তিনি বিশ্বাস করেন খুব দ্রুতই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

এর আগে ১৯৮৩ সালে ইসরায়েল ও লেবানন একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে লেবাননের পক্ষ থেকে ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ছিল। তবে লেবাননের গৃহযুদ্ধের সময় সেই চুক্তি কার্যকর হয়নি এবং এক বছর পর তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

এদিকে, গত মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক উল্লেখ করে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, আলোচনার প্রথম লক্ষ্য ছিল যুদ্ধবিরতি নিশ্চিত করা।

এক বিবৃতিতে নওয়াফ সালাম এই অর্জনের জন্য লেবানিজ জনগণকে অভিনন্দন জানান। পাশাপাশি যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত ও বাস্তুচ্যুত নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করেন।

সূত্র: এপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ