Views Bangladesh Logo

এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

নির্বাচন নিরাপত্তা নিয়ে দেওয়া প্রাইম-টাইম ভাষণ মূল টেলিভিশন চ্যানেলে সম্প্রচার না করায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি, এনবিসি ও সিএনএন-এর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, সম্প্রচারমাধ্যমগুলো ‘ষড়যন্ত্রে’ জড়িত এবং তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত।

বৃহস্পতিবার দেওয়া ওই ভাষণে ট্রাম্প বলেন, ভুয়া সংবাদমাধ্যম এবিসি ও এনবিসি আমার ভাষণ সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের প্রতারণার শাস্তি হিসেবে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল হওয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে দেওয়া এই ভাষণে ট্রাম্প মূলত নির্বাচন নিরাপত্তা ও ২০২০ সালের নির্বাচন নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করেন।

তবে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, কোনো টেলিভিশন নেটওয়ার্ক কী সম্প্রচার করবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।

যদিও মূল সম্প্রচার চ্যানেলে ভাষণটি দেখানো হয়নি, এবিসি ও এনবিসি উভয়েই তাদের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভাষণটি সরাসরি সম্প্রচার করেছে। এবিসি জানিয়েছে, ভাষণটি এবিসি নিউজ লাইভ ও এবিসি নিউজ রেডিওতে প্রচার করা হয়েছে। এনবিসিও তাদের এনবিসি নিউজ নাও স্ট্রিমিং সেবায় ভাষণটি দেখিয়েছে।

অন্যদিকে সিএনএন জানায়, তারা ভাষণের গুরুত্বপূর্ণ অংশ পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের ওয়েবসাইট এবং সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং সেবা সিএনএন অল অ্যাক্সেসে ভাষণটি সরাসরি দেখিয়েছে।

সাধারণত এসব ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকসংখ্যা মূল টেলিভিশন চ্যানেলের তুলনায় কম।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তার হাতে থাকা কিছু গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের প্রমাণ দেয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে ২০২০ সালের নির্বাচনের ফল চীন প্রভাবিত করেছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভাষণের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন, ট্রাম্প নির্বাচন ছাড়াও ইরান পরিস্থিতি, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। তবে শেষ পর্যন্ত ভাষণে নির্বাচন-সংক্রান্ত অভিযোগই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ