Views Bangladesh Logo

ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ক্রমেই আরও তীব্র আকার ধারণ করছে। আট দিন পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং দুই পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর আরও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তিনি আগ্রহী নন। তার মতে, যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন  তেহরানে কার্যকর কোনো সামরিক শক্তি বা নেতৃত্ব আর অবশিষ্ট থাকবে না।

ট্রাম্প বলেন, ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হলে এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেলে আলোচনার প্রশ্নই আর উঠবে না। এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যেখানে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার মতো কেউ আর জীবিত থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, ইরানের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াতেও যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত বলে তিনি মনে করেন।

ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানের প্রেসিডেন্ট কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দেশটি কখনও আত্মসমর্পণ করবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার দাবি করা হয়। একইসঙ্গে ইরানের সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। টানা কয়েকদিনের এই হামলা-পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ সংঘাতের মুখে পড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের নতুন হুমকির পর ইরানও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করার কাজ শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তৃত করার হুমকি দিয়েছে। ফলে আমেরিকান অঞ্চল, বাহিনী এবং তাদের সহযোগী স্থাপনাগুলো এখন নতুন করে মূল্যায়ন করা হচ্ছে।

এরই মধ্যে  সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও ঘোষণা করেছে দেশটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ