মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালি বন্ধ রেখে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা অব্যাহত রাখায় ইরানকে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ আক্রমণাত্মক ভাষায় দেওয়া এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে ‘নরকের মধ্যে বাস করতে হবে’। এর আগে সোমবারের মধ্যে প্রণালি না খুললে ‘পুরো নরক’ নামিয়ে আনার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মধ্যস্থতাকারীরা যুদ্ধের অগ্রগতির দাবি করলে তিনি আগে কয়েকবার সময়সীমা বাড়ালেও এবার তার ভাষায় চরম ক্ষোভ ফুটে উঠেছে।
একই পোস্টে ট্রাম্প জানান, মার্কিন বিশেষ বাহিনী ইরানের সীমানার ভেতর থেকে একজন নিখোঁজ সেনাসদস্যকে উদ্ধার করেছে। গত শুক্রবার একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে ওই কর্মকর্তা নিখোঁজ ছিলেন। ট্রাম্প জানান, উদ্ধার হওয়া কর্মকর্তা একজন কর্নেল এবং তিনি আহত হলেও আশঙ্কামুক্ত।
অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প জানান, দিনের আলোতে সাত ঘণ্টা ইরানের আকাশে থেকে দ্বিতীয় দফার অভিযানে পাইলটকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সোমবার দুপুরে ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে