Views Bangladesh Logo

ইরানের নতুন নেতার প্রতি ‘হতাশ’ ট্রাম্প, যুদ্ধের তীব্রতা বাড়ানোর হুমকি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন বন্ধের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

একইসঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে হতাশা প্রকাশ করেন ট্রাম্প।

সোমবার বৈশ্বিক অর্থবাজারে বড় ধরনের ওঠানামা দেখা যায়। বিশ্লেষকদের মতে, ইরানের নিরাপত্তা কাঠামো মোজতবা খামেনির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে এবং দ্রুত পিছু হটার কোনো লক্ষণ নেই—এমন আশঙ্কা থেকেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিমান ও নৌবাহিনীর ওপর বড় ধরনের ক্ষতি সাধন করেছে। তিনি পূর্বে যে চার সপ্তাহের সময়সীমার কথা বলেছিলেন, তারও আগেই সংঘাতের অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে ‘বিজয়’ বলতে ঠিক কী বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি এ পথ দিয়ে ট্যাংকার চলাচল বন্ধের চেষ্টা করে, তাহলে মার্কিন হামলা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তাদের এমনভাবে আঘাত করব যে, তারা বা তাদের সহযোগীরা ওই অঞ্চলে আর ঘুরে দাঁড়াতে পারবে না।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এতে দেশটির সমস্যারই ধারাবাহিকতা বজায় থাকবে। এতে করে আগের মতোই সমস্যা চলতে থাকবে বলে আমরা মনে করি।

নতুন নেতাকে লক্ষ্যবস্তু করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে মন্তব্য করা ‘উপযুক্ত হবে না’। সূত্র: রয়টার্স

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ