ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান আলোচনার টেবিলে ফিরতে রাজি না হলে আগামী সপ্তাহের মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। আমরা তাদের সব সেতু ধ্বংস করে দেব, যদি তারা আলোচনার টেবিলে না বসে।’
কূটনীতি প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের জন্য পরিস্থিতি ‘সত্যিই খারাপ’ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
আপাতত জ্বালানি অবকাঠামোগুলোকে হামলার আওতার বাইরে রাখার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজন হলে শেষ পর্যন্ত সেসব স্থাপনায়ও হামলা চালানো হবে।
তিনি দাবি করেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলোচকরা তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সমঝোতায় ব্যর্থ হলে দেশটিকে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে।
ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ইতিমধ্যে পুনর্বহাল করা হয়েছে বলেও জানান তিনি।
তবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ ট্রানজিট ফি আরোপের আগের প্রস্তাব থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ব্যাপক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি এগিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ইরানি বন্দরগুলোর ওপর চলমান নৌ-অবরোধ বহাল রেখেই তা করা হবে।
মতামত দিন