ইরানকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের
মার্কিন জাহাজগুলোতে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র উত্তেজনায় দুই দেশের মধ্যকার দুই মাসের যুদ্ধবিরতি এখন ভেস্তে যাওয়ার পথে।
ইরানি নৌ-অবরোধ ভেঙে ওই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচলের লক্ষ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ওই এলাকায় আটকে পড়া জাহাজগুলো ৮৭টি ‘নিরপরাধ’ দেশের মালিকানাধীন।
ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা ভূপাতিত করেছে। তবে এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওই প্রণালি এখনো পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘সামনে এগোলে আপনাদের লক্ষ্যবস্তু করা হবে।’
এদিকে সোমবার সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ১২টি ব্যালিস্টিক মিসাইল, ৩টি ক্রুজ মিসাইল এবং ৪টি ড্রোন প্রতিহত করেছে। হামলার কারণে দেশটির ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন আহত হয়েছেন।
দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে যে, আরব আমিরাত উপকূলে তাদের একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরানের এই হামলাকে পুঁজি করে সিউলকে তার অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘হয়তো দক্ষিণ কোরিয়ার এই মিশনে যোগ দেওয়ার এখনই সময়।’
হরমুজ প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার চেষ্টা চললেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে তাদের নৌ-অবরোধ বহাল থাকছে।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনী ৫০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে