ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পদক্ষেপ স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে তিনি রাশিয়াবিরোধী নতুন আইনের আওতায় নির্ধারিত শুল্ক ও কয়েকটি নিষেধাজ্ঞা প্রয়োগে ছাড় দেন। এ সিদ্ধান্তের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে নতুন পদক্ষেপগুলো কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে সেগুলোর বাস্তবায়ন আপাতত স্থগিত রয়েছে। আদেশে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যতে আবার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে শুল্ক আরোপের সম্ভাবনা পুরোপুরি নাকচ হয়ে যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির দাম বাড়ার আশঙ্কাও এ সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ঘিরে জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় নতুন নিষেধাজ্ঞা তেলের দাম আরও বাড়িয়ে দিতে পারত বলে বিশ্লেষকদের ধারণা। তবে নির্বাহী আদেশে ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকেই ছাড় দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
নতুন সিদ্ধান্তের ফলে ভারত ও চীনের ওপর প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না। তবে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগের নিষেধাজ্ঞাগুলো সব বাতিল করা হয়নি। ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্ট করা হয়েছে, আগে জারি করা অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
মতামত দিন