Views Bangladesh Logo

সীমিত পরিসরে এআই নিরাপত্তা আদেশে সই করলেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা নিয়ে সংক্ষিপ্ত ও পরিমার্জিত এক নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই আদেশে সই করে তিনি বিভিন্ন এআই মডেল মূল্যায়নের জন্য একটি বিশেষ কাঠামো (ফ্রেমওয়ার্ক) তৈরির আহ্বান জানিয়েছেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আদেশটির মাধ্যমে ‘অফিস অব দ্য ন্যাশনাল সাইবার ডিরেক্টর’কে একটি নতুন কার্যপ্রক্রিয়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তর সাইবার নিরাপত্তা বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে। নতুন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো—এআই সিস্টেমের মাধ্যমে কোনো সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি ধরা পড়লে সেই তথ্য মার্কিন সরকার যেন দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে ভাগাভাগি করতে পারে তা নিশ্চিত করা।

ব্যাংক, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো স্থানীয় ইউটিলিটি এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীদের কাছে এসব তথ্য পৌঁছে দেওয়া হবে। আর পুরো কাজটি হবে কোনো এআই মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগেই।

ঘরোয়া এক অনুষ্ঠানে সই করা নতুন এই নির্দেশনায় কিছু এআই কোম্পানিকে তাদের সবচেয়ে শক্তিশালী মডেলগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার ৩০ দিন আগে সরকারের কাছে স্বেচ্ছামূলক পর্যালোচনার জন্য পাঠাতে বলা হয়েছে। আগের খসড়ায় পর্যালোচনার জন্য সরকারকে ৯০ দিন পর্যন্ত সময় দেওয়ার কথা ছিল, যদিও ঘোষণার আগে প্রযুক্তি শিল্পের জ্যেষ্ঠ ব্যক্তিরা সেই সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে আনার জন্য চাপ দিচ্ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ