ট্রাম্প তার ‘আসল চেহারা’ দেখিয়েছেন: রাশিয়া
ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। খবর আল-জাজিরার।
মেদভেদেভ অভিযোগ করেন, সামরিক অভিযানের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছিল, তা ছিল কেবল একটি কৌশল—মূল ইস্যু আড়াল করার জন্য।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শান্তির বার্তাবাহক আবারও তার আসল চেহারা দেখিয়েছেন।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব আলোচনা ছিল নিছক আড়াল। এ বিষয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কোনো পক্ষই চুক্তিতে পৌঁছাতে চায়নি।
মেদভেদেভের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন শনিবার ইসরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল তেহরানে ‘প্রতিরোধমূলক’ হামলা চালিয়েছে বলে দাবি করে।
এ সংঘাতের প্রভাব ইরান-ইসরায়েল সীমা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আবুধাবি, কুয়েত ও দোহায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। আবুধাবিতে অন্তত একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনী সামরিক অভিযানের নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, ইরান থেকে আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।
ট্রাম্প ইরানকে বিশ্বের ‘এক নম্বর সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেন, ইরানি শাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে ‘রক্তপাত ও গণহত্যার অন্তহীন অভিযান’ চালিয়ে আসছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে