Views Bangladesh Logo

খামেনির জানাজায় শোকার্ত মানুষোর উপস্থিত দেখে ‘হতবাক’ ট্রাম্প

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় শোকার্ত মানুষের কান্না দেখে ‘হতবাক’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়ে তিনি বলেছেন, তিনি ‘ভেবেছিলেন মানুষ তাকে ঘৃণা করে।’

অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইচ্ছা করলে খামেনির জানাজায় উপস্থিত ‘সবাইকে নির্মূল’ করে দিতে পারতেন তিনি। তবে সেই পথে হাঁটেননি; কারণ হিসেবে বলেন, এমন কিছু করলে ‘আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না।’

ট্রাম্প জানান, খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘জানাজা কার্যক্রম চলাকালে কোনো পক্ষই অপর পক্ষের ওপর হামলা চালাবে না।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রাজধানী তেহরানে নেমেছে হাজারো মানুষের ঢল। গত শুক্রবার শুরু হওয়া ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্যানুষ্ঠানে শামিল হতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে সমবেত হন লাখো শোকাতুর ইরানি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর চালানো মার্কিন-ইসরায়েলি হামলায় প্রাণ হারান সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। নিহতদের মধ্যে ছিল খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানিও। গতকাল শুক্রবার তেহরানের অনুষ্ঠানস্থলে খামেনির মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয়; সঙ্গে ছিল তার ঐতিহ্যবাহী কালো পাগড়ি। পাশে সাজিয়ে রাখা হয় হামলায় নিহত স্বজনদের কফিন—তার মধ্যে ছিল পতাকায় মোড়ানো শিশু জাহরার ছোট্ট কফিন ও ফ্রেমে বাঁধানো ছবি।

শুক্রবার বিকেল থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বাইরে জড়ো হতে থাকেন শত শত সাধারণ মানুষ। আজ শনিবার সকালে মূল ফটক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তেই লোকে লোকারণ্য হয়ে ওঠে বিশাল এই চত্বর। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সমবেত জনতার হাতে ছিল শিয়া সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রতিশোধের প্রতীক ‘লাল ব্যানার’। ক্ষোভে ফুঁসতে থাকা জনতা এ সময় ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘প্রতিশোধ চাই’ স্লোগানে মুখর করে তোলে গোটা এলাকা। প্রয়াত এই নেতার কফিন নিয়ে ইরান ও পার্শ্ববর্তী দেশ ইরাকের বিভিন্ন অঞ্চলে ছয় দিনব্যাপী শোকযাত্রা ও অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচি পালিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ