হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প ওই মানচিত্রটি শেয়ার করেন, যেখানে হরমুজ প্রণালির স্থলে ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে।
এর আগে এক বক্তৃতায়ও তিনি এই নামটি ব্যবহার করেছিলেন। উপস্থিত দর্শকেরা হেসে উঠলে ট্রাম্প বলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে ‘ভুল’ ভাবতে পারে, ‘কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের মুসান্ডাম উপদ্বীপের মাঝে অবস্থিত এই প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের উপর চাপ বাড়াতে গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করেছে। এর ফলে ইরানের প্রধান বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে এবং তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্লেষকরা এটিকে ইরানের তেল রাজস্ব বন্ধ করার লক্ষ্যে পরিচালিত একটি অর্থনৈতিক কৌশল হিসেবে দেখছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে