ইরানের শান্তি প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প
ইরানের পক্ষ থেকে দেওয়া নতুন শান্তি প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দুই দেশের কূটনৈতিক স্থবিরতা কাটাতে এই প্রস্তাব কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।
এএফপির বরাত দিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে ইরান এই প্রস্তাবের খসড়া পাঠিয়েছে। তবে এই প্রস্তাবের মূল বিষয়বস্তু বা শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এর শর্তাবলি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এই মুহূর্তে তারা যে প্রস্তাব দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।” তিনি আরও দাবি করেন যে, ইরানের নেতৃত্বের অভ্যন্তরীণ বিভেদ এই অচলাবস্থার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা কি তাদের ওপর বোমা ফেলে চিরতরে সব শেষ করে দেব, নাকি কোনো চুক্তিতে আসার চেষ্টা করব? মানবিক দৃষ্টিকোণ থেকে আমি প্রথম অপশনটি বেছে নিতে চাই না।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে ৮ এপ্রিল থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে সর্বশেষ অনুষ্ঠিত বৈঠক থেকেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি।
বর্তমানে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যার ফলে আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বিঘ্ন ঘটছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ ও বিধিনিষেধ বহাল রেখেছে।
এর ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতাও অব্যাহত রয়েছে। গত ১৭ এপ্রিল হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা থেমে নেই। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে এমন কিছু এলাকাও রয়েছে যেখানে হামলার অল্প সময় আগে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে