আজই শান্তি চুক্তি সাক্ষরের ঘোষণা ট্রাম্পের, আইআরজিসি'র ভিন্ন সুর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে বহুল আলোচিত চুক্তি আজ রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হতে পারে। তবে ট্রাম্পের এ দাবিকে ঘিরে সংশয় প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
আইআরজিসি বলেছে, ইরানি আলোচকরা এখনো চুক্তির সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি বলে জানালেও ট্রাম্প অস্বাভাবিকভাবে দ্রুত চুক্তি সইয়ের বিষয়ে চাপ সৃষ্টি করছেন। তাদের মতে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি এই চুক্তিকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করতে চাইতে পারেন।
শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের করা পারমাণবিক চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ করে দিয়েছিল। বিপরীতে তার প্রশাসনের সম্ভাব্য নতুন চুক্তি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
ট্রাম্প আরও বলেন, আগামীকালই এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হবে এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রা পাবে।
পোস্টে তিনি দাবি করেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নয় এবং যুক্তরাষ্ট্রও তা কোনোভাবেই হতে দেবে না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা না আসায় ট্রাম্পের দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এখন নজর রোববারের সম্ভাব্য ঘোষণার দিকে।

মতামত দিন