নতুন করে হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল রয়েছে: ট্রাম্প
পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। দুই দেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হলেও ট্রাম্প বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।
গত বৃহস্পতিবার (৭ মে) এবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। এটি কার্যকর রয়েছে।’
সাম্প্রতিক সময়ে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন হামলাকে তিনি অনেকটা তুচ্ছতাচ্ছিল্য করে ‘সামান্য টোকা’ হিসেবে অভিহিত করেন।
এর আগে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে যে, তারা ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালির কাছে অবস্থানরত মার্কিন নৌ-জাহাজে হামলার জন্য ওই স্থাপনাগুলো ব্যবহার করা হয়েছিল।
অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন একটি ইরানি তেল ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু বানিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ওই ট্যাঙ্কারটি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই টানটান উত্তেজনা ফের একটি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে