Views Bangladesh Logo

শিগগিরই হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প

প্রায় ছয় মাস ধরে চলা তীব্র সংঘাতের মধ্যেই ইরানের ওপর কঠোর অর্থনৈতিক আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে খুব শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণার ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে তেহরানের ওপর বড় ধরনের আঘাত হানতে যাচ্ছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, আগামী সপ্তাহেই ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।’ তবে তার এই বক্তব্য কতটা গুরুত্বের সঙ্গে দেওয়া, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিদাবাদি লেখেন, কোনো ধরনের হুমকি বা শক্তি প্রদর্শনে তেহরান ভীত নয় এবং হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার ক্ষমতা একান্তই ইরানের নিজস্ব এখতিয়ার।

তিনি আরও লেখেন, “যতক্ষণ না আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন, ইরান এই অবরোধ অব্যাহত রাখবে। কোনো টুইট, বিমানবাহী রণতরী, নির্দেশ বা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যাবে না।”

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এর পর থেকে বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সম্প্রতি মাত্র দুটি জাহাজ এই পথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। অথচ যুদ্ধ শুরু হওয়ার পূর্বে প্রতিদিন গড়ে ১৩০টিরও বেশি জাহাজ এখান দিয়ে চলাচল করত।

উল্লেখ্য, বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ হয় এই পথেই।

জ্বালানি পরিবহনে বড় ধরনের এই বাধার ফলে বিশ্ববাজারে তেলের দামে মারাত্মক প্রভাব পড়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছেছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকদের মানসিক স্বাস্থ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে ওঠা উদ্বেগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। দীর্ঘ নয় মাস ধরে সাগরে অবস্থানরত রণতরীটি নিয়ে নাবিকদের পরিবার শঙ্কা প্রকাশ করলেও ট্রাম্প দাবি করেন, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং এই মোতায়েনকাল মোটেও দীর্ঘ নয়। তবে রণতরীটি দ্রুত সরিয়ে নিয়ে সেখানে সমমানের অন্য একটি জাহাজ পাঠানো হবে বলে নিশ্চিত করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে গত জুনে হওয়া চুক্তি ভেস্তে যাওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কেবল পরোক্ষ বার্তা আদান-প্রদান চলছে। তবে এটি যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ