Views Bangladesh Logo

চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে তিনি পাকিস্তান সফরে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছে। তারা খুব ভালো করেছে। যদি ইসলামাবাদে চুক্তি হয়, তবে আমি যেতে পারি।’

বর্তমানে ইরানের সব সমুদ্রবন্দর অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তান পারস্পরিক যোগাযোগ বজায় রেখেছে।

এদিকে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ও তেহরান পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে। তবে আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘কারা আসবে, প্রতিনিধিদল কত বড় হবে, কারা থাকবে আর কারা যাবে—এগুলো আলোচনাকারী পক্ষগুলোর সিদ্ধান্ত। আমরা মধ্যস্থতাকারী হিসেবে গোপনীয়তা বজায় রাখছি।’

অন্যদিকে, একই দিনে ট্রাম্প ঘোষণা করেন যে ওয়াশিংটনে বৈঠকের পর ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অগ্রগতি যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। ইরান ও পাকিস্তান দাবি করেছে লেবাননও এই যুদ্ধবিরতির অংশ, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ