যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিলেন ট্রাম্প।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট এডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার তথ্য জানায় হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান হিসাবে ছিলেন তিনি।
সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে ফাগানকে কোস্টগার্ডের প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডা লি ফাগানকে অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেন।
এর প্রতিক্রিয়ায় হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফাগানকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা আরও বলেন, ফাগানকে সরিয়ে দেওয়ার কারণগুলোর মধ্যে একটি ছিল, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোর (ডিইআই পলিসি) ওপর ‘মাত্রাতিরিক্ত’ মনোযোগ দেওয়া।
তবে এ পদক্ষেপের বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো থেকে ডিইআই কর্মসূচি বাদ দেওয়ার অঙ্গীকার করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে