Views Bangladesh Logo

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন।

আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এ ধরনের বৈঠক এটিই প্রথম।

শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি ইরানের পরিস্থিতিও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস শুক্রবার এক ব্রিফিংয়ে বৈঠকটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পও এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। তবে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই প্রথম বৈঠক থেকে কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার প্রত্যাশা করছে না ওয়াশিংটন। বরং ভবিষ্যতে আলোচনার পথ তৈরিই হবে এর অন্যতম উদ্দেশ্য।

এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কার্যকর চুক্তিভিত্তিক কাঠামো আর নেই। ট্রাম্প নতুন একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। কারণ, বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারিত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। তবে চীন এখনো এ ধরনের চুক্তিতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ত্রিপক্ষীয় আলোচনায় ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন ট্রাম্প। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আলোচনার আনুষ্ঠানিক এজেন্ডায় থাকার সম্ভাবনা নেই। ইউক্রেনকে বাদ দিয়ে এ ধরনের আলোচনা হলে তা নিয়ে কিয়েভের উদ্বেগও রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ২১ সদস্যের এপেক সম্মেলনে অংশ নিতে ট্রাম্প আগামী বুধবার রাতে শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে চীন সফর শেষ করবেন তিনি।

চীন সফরের আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। হোয়াইট হাউসের ভাষ্য, এ সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়ার পাশাপাশি মার্কিন জনগণের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের।

বিশ্লেষকদের মতে, তিন নেতার এই সম্মেলন আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে চীন ও রাশিয়ার অবস্থান এবং তিন দেশের মধ্যে বিদ্যমান ভূরাজনৈতিক বিরোধের কারণে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় অগ্রগতি আসার সম্ভাবনা কম।

সূত্র: রয়টার্স, নিউইয়র্ক টাইমস


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ