Views Bangladesh Logo

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বা অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। এর মাধ্যমে প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের দাবি নিয়ে ট্রাম্পের হুমকি আরও জোরালো হলো।

ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালির ওপর একটি বৃত্ত আঁকা হয়েছে। মানচিত্রের ওপরে লেখা রয়েছে ‘নতুন মার্কিন ভূখণ্ড’। একই দিন আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও এমন আলোচনার পরিকল্পনা নেই। তিনি দাবি করেন, নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালি উন্মুক্ত থাকায় সেখানে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে। তাঁর দাবি, প্রণালিতে থাকা সব মাইন সরিয়ে ফেলা অথবা নিষ্ক্রিয় করা হয়েছে।

ট্রাম্পের এই বক্তব্যের আগে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি বক্তব্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তাঁর উল্লেখ করা শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের সমুদ্রবন্দরের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, তেলবিষয়ক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা অর্থ ছাড় এবং সব ফ্রন্টে সামরিক অভিযান ও হুমকি বন্ধ করা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ট্রাম্প প্রথমবারের মতো হরমুজ প্রণালি দখলের ধারণার কথা প্রকাশ্যে বলেন। তখন কিছুটা রসিকতার সুরে তিনি জানিয়েছিলেন, খুব শিগগিরই প্রণালিটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। এর প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি তাদেরই থাকবে।

অন্য দেশের ভূখণ্ড নিয়ে এমন দাবি বা দখলের হুমকি ট্রাম্পের জন্য নতুন নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা বলেছেন। পরে গ্রিনল্যান্ড দখল এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। তবে এসব হুমকির কোনোটি এখনো বাস্তবে রূপ নেয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ