Views Bangladesh Logo

শিশুদের টিকা কমানোর উদ্যোগ ট্রাম্পের, চিকিৎসকদের তীব্র আপত্তি

শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এক নির্বাহী আদেশে শিশুদের জন্য সুপারিশ করা টিকার সংখ্যা কমানোর পাশাপাশি মাম্পস, হাম ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকা একসঙ্গে না দিয়ে আলাদাভাবে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে বিপজ্জনক ও বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও টিকা বিশেষজ্ঞরা।

সোমবার (১০ আগস্ট) ওভাল অফিসে ট্রাম্প দাবি করেন, কয়েক দশক আগে শিশুদের তুলনামূলকভাবে কমসংখ্যক টিকা দেওয়া হতো এবং তখন মানুষ বেশি সুস্থ ছিল। একই বক্তব্যে তিনি শিশুদের মধ্যে অটিজমের হার বৃদ্ধির প্রসঙ্গও টেনে আনেন। এমএমআর টিকার নিরাপত্তা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে এলেও এ টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক রয়েছে এমন প্রমাণ একাধিক বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায়নি।

নতুন আদেশে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সুপারিশ করা ১৮টি টিকার পরিবর্তে শিশুদের জন্য ১১টি টিকা রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, পারটুসিস, পোলিও, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল রোগ, হিউম্যান প্যাপিলোমাভাইরাস ও জলবসন্তের টিকা। ট্রাম্পের মতে, শিশুদের কমসংখ্যক টিকা দেওয়ার পাশাপাশি একসঙ্গে একাধিক টিকা না দিয়ে আলাদা সময়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তবে এই পদ্ধতির বিরোধিতা করছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, একই সময়ে একাধিক টিকা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত বড় কোনো ঝুঁকি নেই। বরং টিকার মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান তৈরি হলে শিশুরা ওই সময়ের মধ্যে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। চিকিৎসকের কাছে বারবার যাওয়ার কারণে টিকাদানের নির্ধারিত সময়সূচি মিস হওয়ার আশঙ্কাও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, এমএমআর টিকাকে আলাদা তিনটি টিকায় ভাগ করলে বাড়তি কোনো সুবিধা পাওয়া যায়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র অবশ্য বলছেন, পরিবর্তনের লক্ষ্য টিকা নিষিদ্ধ করা নয়; বরং অভিভাবকদের আরও বেশি পছন্দের সুযোগ দেওয়া। তবে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি ড. অ্যান্ড্রু রেসিন এই সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ ও ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে যখন ৩৫ বছরের মধ্যে হামের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তখন শিশুদের টিকাদান বিলম্বিত বা সীমিত করার উদ্যোগ পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডিও ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এই পরিবর্তন করা ‘ভুল’। তাঁর ভাষ্য, টিকা ব্যাপকভাবে নিরাপদ ও কার্যকর এবং টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা আরও মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে শিশুদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে কোন কোন টিকা বাধ্যতামূলক হবে, সেই সিদ্ধান্ত মূলত অঙ্গরাজ্যগুলোর এখতিয়ার। ফলে প্রেসিডেন্টের নতুন নির্বাহী আদেশের মাধ্যমে দেশজুড়ে সরাসরি একই নিয়ম কার্যকর হওয়ার সুযোগ সীমিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ