যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি ঈদ জামাত, ট্রাম্প–মেলানিয়ার শুভেচ্ছা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তারা বলেন, ঈদুল ফিতর শুধু রোজা ভাঙার উৎসব নয়; এটি পরিবার, বন্ধু ও সমাজের মানুষের সঙ্গে আধ্যাত্মিক বন্ধন জোরদারের সময়।
তারা আরও বলেন, এই উৎসব ধর্মীয় স্বাধীনতার মৌলিক নীতির কথাও স্মরণ করিয়ে দেয়, যা রক্ষায় তাদের প্রশাসন কাজ করে যাচ্ছে।
ঈদ উদযাপনকারীদের জন্য তারা একটি বরকতময় ঈদের শুভকামনা জানান।
এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে ঈদ উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠনের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় সাড়ে তিন হাজার মসজিদের ব্যবস্থাপনায় পাঁচ হাজারেরও বেশি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খোলা মাঠ, মসজিদ ও বিভিন্ন মিলনায়তনে এসব জামাত আয়োজন করা হয়েছে।
মুসলমানদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন জানিয়েছে, নিউইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক অংশগ্রহণের আশা করা হচ্ছে।
এছাড়া, বাংলাদেশি বংশোদ্ভূতদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে