Views Bangladesh Logo

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ার প্রেসিডেন্ট শারার সঙ্গে বৈঠক ট্রাম্পের

সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরদিন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও প্রায় ২৫ বছর পর দুই দেশের শীর্ষ নেতৃত্বের সরাসরি সাক্ষাৎ ঘিরে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে এখন উৎসবের আমেজ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরব বিশ্বও।

বুধবার (১৫ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে শারারের সঙ্গে যুগান্তকারী বৈঠকের পর ট্রাম্প বলেন,‘আমরা সিরিয়াকে নতুন সূচনা দিতে চাই’।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (১৪ মে) নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওই সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও আল-শালার মধ্যকার বৈঠকে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানও। আর অনলাইন ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই বৈঠক ও নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার নতুন নেতৃত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে বড় ধাপ। বাশার আল আসাদ সরকারের পতনের পর গত বছরের ডিসেম্বরে সিরিয়ার আনুষ্ঠানিক দায়িত্ব নেন শারা। বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত আসাদ সে সময় থেকেই রাশিয়ায় আশ্রয় নিয়ে আছেন।

তবে গত বছরেই আহমেদ আল-শারাকে গ্রেপ্তারে এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র, যা সিরিয়ার নতুন প্রশাসনের সাথে আলোচনার পর প্রত্যাহারও করেছিলো। এদিকে আসাদ ক্ষমতায় থাকাকালেই দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, রিয়াদের ঐতিহাসিক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারারকে অনুরোধ জানিয়েছেন, যেন সিরিয়ায় আশ্রয় নেয়া সেসব ফিলিস্তিনিদের বহিষ্কার করা হয়, যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। একইসঙ্গে সিরিয়াকে ‘আব্রাহাম অ্যাকর্ডে’ স্বাক্ষর এবং দেশটির উত্তর-পূর্বাঞ্চলের আইএস বন্দি শিবিরগুলোর দায়িত্ব নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

চারদিনের উপসাগরীয় অঞ্চল সফরের শুরুতেই মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ।

সফরের শেষদিনে বৃহস্পতিবার (১৬ মে) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, যেখানে কয়েকশ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির সম্ভাবনা রয়েছে। এরপর
আবুধাবি হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি। তবে ইউক্রেন যুদ্ধ নিরসনে সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের জন্য তুরস্কে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ