Views Bangladesh Logo

হতাশা থেকেই এই চুক্তি করেছেন ট্রাম্প: মোজতাবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বলেছেন, ‘হতাশা থেকেই’ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে সই করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি নিয়ে প্রথমবারের মতো দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ওয়াশিংটনের চাপের মুখে তেহরান কোনো শর্ত মেনে নেয়নি এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হলেও তা মার্কিন অবস্থানকে সমর্থন করছে বলে বিবেচিত হবে না।

মোজতাবা খামেনি জানান, যে শর্তে ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার সুরক্ষিত থাকবে—প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের এমন আশ্বাসের ভিত্তিতেই তিনি চুক্তিতে সম্মতি দিয়েছেন।

চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় চালু করা, পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার এবং ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন ও অর্থনৈতিক তহবিল গঠন করার কথা রয়েছে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে উভয় পক্ষের সম্মতিতে তা বাড়ানো যাবে।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানকে অবশ্যই তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ধ্বংস করতে হবে এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোতে অর্থায়ন বন্ধ করতে হবে। এই শর্ত না মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অর্থনৈতিক সুবিধা থেকে ইরান বঞ্চিত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কিছু বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়া হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলে এখনো মার্কিন যুদ্ধজাহাজ রাখা হয়েছে।

এদিকে, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার জেনেভায় নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক বাতিল করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ