ট্রাম্পের প্রথম বিদেশ সফর সম্ভবত ভারত বা চীনে

দ্বিতীয় মেয়াদের প্রথম কয়েক দিনে ভারত বা চীনে সফর করতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি হবে তার প্রথম বিদেশ সফর।
একটি প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াশিংটন সফরের সময় হয়েছে। এটি কোয়াড শীর্ষ সম্মেলনের সময় হতে পারে। আবার এই বসন্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণও বিবেচনা করা হচ্ছে।
তবে ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক নিয়ে কাজ করতে দায়িত্ব নেয়ার ১০০ দিনের মধ্যে চীনেও যেতে চান তিনি। চীন সফরের সিদ্ধান্তটি ডোনাল্ড ট্রাম্পের দেশটিতে পণ্য রপ্তানিতে শুল্ক আরোপের হুমকি দেয়ার কয়েকদিন পরে এসেছে। ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগের এই ঘোষণা বেইজিং-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক তুলনামূলকভাবে খারাপ বা বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।
সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রাজধানী ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে শপথ নেবেন ট্রাম্প, যা ‘মার্টিন লুথার কিং জুনিয়র ডে’-তে পড়েছে। তার রানিংমেট ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স এর কিছু সময় আগে শপথ নেবেন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে।
চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতার শপথ অনুষ্ঠানে থাকবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। তার উপস্থিতিই প্রমাণ করে যে, সহযোগিতা জোরদারে প্রস্তুত বেইজিং।
একদিন আগেই ফোনালাপে টিকটক বাণিজ্য এবং তাইওয়ানসহ নানা ইস্যুতে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং দুজনেই এই ফোনালাপে পরস্পরের প্রতি উৎসাহিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘খুব ভালো আলোচনা’ বলে অভিহিত করেছেন। শি বলেছেন যে, তিনি এবং ট্রাম্প উভয়েই মার্কিন-চীন সম্পর্কের ইতিবাচক সূচনার আশা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে