Views Bangladesh Logo

এবার মন্ত্রিসভা থেকে যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমারের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শ্রমমন্ত্রী লোরি শ্যাভেজ-ডিরেমার। সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউসের পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। পদের অপব্যবহার, অধস্তন কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রে মদ্যপানের মতো গুরুতর সব অভিযোগ ওঠার পর শ্যাভেজ-ডিরেমার এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেওয়া তৃতীয় মন্ত্রিসভার সদস্য হলেন শ্যাভেজ-ডিরেমার। এর আগে গত মার্চ মাসে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম এবং চলতি মাসের শুরুতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শ্যাভেজ-ডিরেমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, “আমি গর্বিত যে আমরা ব্যবসা ও শ্রম খাতের মধ্যে সেতুবন্ধ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি এবং সবসময় আমেরিকান কর্মীদের স্বার্থকে প্রাধান্য দিয়েছি।”

ট্রাম্প ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্যাভেজ-ডিরেমার বেসরকারি খাতে নতুন একটি পদে যোগ দিতে প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন। তিনি মার্কিন কর্মীদের সুরক্ষা ও ন্যায্য শ্রমনীতি প্রণয়নে অসাধারণ কাজ করেছেন।চেউং।

চেউং আরও জানান, বর্তমান ডেপুটি শ্রম সচিব কেইথ সন্ডারলিং এখন থেকে ভারপ্রাপ্ত শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: এপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ