ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিন নাম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে তিনটি ‘খুব ভালো পছন্দের’ নাম রয়েছে। তবে এখনই তিনি সেই নাম প্রকাশ করতে চান না।
রোববার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এ কথা জানান। এর আগে শনিবার সকালে ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
ট্রাম্প দাবি করেন, হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ দেখিয়েছে এবং তিনি তাতে সাড়া দিয়েছেন। তবে সম্ভাব্য নেতৃত্বের তিনটি নাম প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘আমি এখনই নামগুলো বলব না। আগে কাজটা শেষ হোক।’
এর আগে ট্রাম্প ইরানে এই হামলার লক্ষ্য সরকার পরিবর্তন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, সুনির্দিষ্ট হামলায় শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা সেই উদ্দেশ্যেরই প্রতিফলন। তবে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে