Views Bangladesh Logo

উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরটিতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের প্রশাসন শুক্রবার থেকে বড় পরিসরে অভিযান শুরু করে। সেই অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে শুরু হয় বিক্ষোভ, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতেই ট্রাম্প প্রশাসন সেনা মোতায়েন করছে।

শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যে অপরাধ ও বিশৃঙ্খলার মাত্রা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন।

তবে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, রিপাবলিকান প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত একেবারেই উস্কানিমূলক এবং তা কেবল পরিস্থিতি আরও উত্তপ্ত করবে।

আল জাজিরা জানিয়েছে, শনিবার শহরের দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ফেডারেল এজেন্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা টিয়ার গ্যাস ছোড়ে।

এর আগের রাতেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের অভিযানে অন্তত ৪৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে লস অ্যাঞ্জেলেসে আইসিই'র অভিযানে মোট ১১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুক্রবারেই গ্রেপ্তার করা হয় ৪৪ জনকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ