Views Bangladesh Logo

হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের, ইরান বলছে ‘মানসিকভাবে অসুস্থ’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ট্রাম্প আবারও ঘোষণা দেন, হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড। এর আগে একাধিকবার একই ধরনের দাবি করার পর এবার হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাতেও বিষয়টি তুলে ধরা হয়েছে।

হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করায় ইরানের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ট্রাম্প সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং তিনি মানসিকভাবে স্থিতিশীল নন।

তিনি বলেন, এই রোগের অন্যতম লক্ষণ হলো বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ধারণা ও বিভ্রম। এ ধরনের রোগীদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা এবং চিকিৎসা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান প্রণালীটিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকে সেখানে নৌযান চলাচল স্বাভাবিক হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র অবশ্য বারবার দাবি করে আসছে, হরমুজ প্রণালী এখন নিরাপদ। তবে ইরানের অভিযোগ, কোনো জাহাজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করলেই সেটি হামলার মুখে পড়ছে।

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ট্রাম্পের নতুন এই দাবি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ