Views Bangladesh Logo

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ বলে ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে সাম্প্রতিক হামলার পর যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক এখনো বহাল আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা শেষ। আমি আর ওদের সঙ্গে কোনো লেনদেন করতে চাই না।’ ইরানের নেতৃত্বকে ‘হিংস্র ও সহিংস’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘ওদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত।’

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, তার আলোচকরা চাইলে ইরানের সঙ্গে বৃহত্তর পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারবেন। তবে সেই আলোচনার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্র সময় নষ্ট করছে।’ কূটনীতির বদলে ‘নিজেদের কাজ’ করার আগ্রহের কথাও জানান তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ বন্ধে ঠিক তিন সপ্তাহ আগে ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিলেন ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা ফের চরমে ওঠে। মঙ্গলবার হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। ওয়াশিংটনের দাবি’ এর জবাবে মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ড কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

জাহাজে হামলার প্রসঙ্গ টেনে ইরানকে ‘নোংরা খেলোয়াড়’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা গত রাতে খুব শক্তভাবে হামলা চালিয়েছি। ওরা রকেট ছুড়েছে জাহাজে, তাই আমরা ওদের খুব কঠিনভাবে আঘাত করেছি—বলব ২০ থেকে ১২০ গুণ কঠিনভাবে।’

এই উত্তেজনা এমন এক সময়ে দেখা দিয়েছে, যখন ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কয়েক দিনব্যাপী শেষকৃত্যানুষ্ঠান চলছে। শেষকৃত্যের কারণে দুই দেশের মধ্যে শান্তি আলোচনাও আপাতত স্থগিত রয়েছে। যুদ্ধবিরতি শেষ হয়েছে কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এদিকে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা (ইএএসএ) বুধবার এয়ারলাইনসগুলোকে ইরান, ইরাক ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে, যা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। সূত্র: সিএনএন, এনবিসি নিউজ, ব্লুমবার্গ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ